ASSAM
সেল্ফ এনুমারেশনে শ্রীভূমি জেলা রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থানে : বাড়ি বাড়ি তথ্য সংগ্রহ শুরু
: সমগ্র রাজ্যের সঙ্গে শ্রীভূমি জেলায়ও চলতি জনগণনা ২০২৭ উপলক্ষে প্রথম পর্যায়ে হাউস লিস্টিং বা গৃহতালিকা প্রস্তুতিকরণ ও গৃহ গণনার কাজ করা হচ্ছে। এতে ১৭ আগষ্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত গণনাকারী বা এনুমারেটররা বাড়ি বাড়ি গিয়ে হাউস লিস্টিং এর জন্য তথ্য সংগ্রহ ও তথ্য যাচাই করবেন। এবারের জনগণনা প্রক্রিয়া পূরো ডিজিটাল পদ্ধতিতে করা হচ্ছে। তাই এতে জনগণনার প্রথম পর্যায়ের কাজকে আরও সহজতর করতে ২ আগষ্ট থেকে ১৬ আগষ্ট পর্যন্ত জনগণ সেল্ফ এনুমারেশন বা স্ব গণনা প্রক্রিয়ায় অংশ নিয়ে নির্ধারিত পোর্টালে প্রয়োজনীয় তথ্য জমা করেছেন এবং একটি সেল্ফ এনুমারেশন আইডি পেয়েছেন। এই সেল্ফ এনুমারেশনে শ্রীভূমি জেলা সমগ্র রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে। এতে ১৪১৪৪০ টি পরিবার সেল্ফ এনুমারেশন সম্পন্ন করেছে। এখন ১৭ আগষ্ট থেকে এনুমারেটররা বাড়ি বাড়ি গিয়ে ওই আইডি নম্বর দিয়ে প্রদান করা তথ্য সরজমিনে মিলিয়ে নেবেন। তবে যারা সেল্ফ এনুমারেশন বা স্ব গণনায় তথ্য জমা দেননি তাদের তথ্য এনুমারেটররা সরজমিনে সংগ্রহ করে নেবেন। এই প্রক্রিয়া চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। এতে জনগণের আবাসে আগত গণনাকারীদের সাথে পূর্ণ সহযোগিতা করতে এবং তাদেরকে সঠিক তথ্য প্রদান করে সাহায্য করতে শ্রীভূমি জেলা প্রশাসন থেকে আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি, গণনাকারীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বজায় রাখতে সাহায্য করতে, বিশেষ করে যেসব বাড়িতে পোষা কুকুর বা অন্যান্য প্রাণী রয়েছে, সেখানে তাদের নিরাপত্তার বিষয়ে সতর্ক থাকতেও জনগণকে অনুরোধ করা হয়েছে। জনগণের সক্রিয় সহযোগিতা এবং সহানুভূতিই একটি নির্ভুল, সঠিক ও সর্বাত্মক জনগণনা সুনিশ্চিত করতে পারে। তাই শ্রীভূমি জেলা প্রশাসন থেকে সব ধরণের সহযোগিতা কামনা করা হয়েছে।