ASSAM
এশিয়ান গেমসে স্বর্ণপদক বিজয়ী লাভলীনাকে ক্রীড়ামন্ত্রী বিশ্বজিৎ দৈমারীর সম্বর্ধনা
গুয়াহাটি, ৭ অক্টোবর ২০২৬: জাপানে অনুষ্ঠিত ২০২৬ সালের এশিয়ান গেমসের ৭৫ কেজি বক্সিং বিভাগে সোনার পদক জিতে দেশ তথা রাজ্যের জন্য গৌরব বয়ে আনা অসমের খ্যাতনামা বক্সার লাভলীনা বরগোঁহাইয়ের সম্মানার্থে আজ গুয়াহাটির রেডিসন ব্লুতে এক সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী শ্রী বিশ্বজিৎ দৈমারী উপস্থিত থেকে লাভলীনার অনন্য প্রদর্শনের মাধ্যমে অসম তথা সমগ্র রাষ্ট্রের জন্য গৌরব বয়ে আনার জন্য অসম সরকার ও জনগণের পক্ষ থেকে খেলোয়াড়কে আনুষ্ঠানিকভাবে সম্বর্ধনা জানান।অনুষ্ঠানে ভাষণ প্রদান করে মন্ত্রী বলেন যে লাভলীনার এই সাফল্য অসমের জন্য অত্যন্ত গৌরবের বিষয় এবং এটি ক্রীড়ার প্রতি তার অসাধারণ নিষ্ঠা, অনুশাসন ও একাগ্রতাকে প্রতিফলিত করে। মন্ত্রী উল্লেখ করেন যে রাজ্যের ক্রীড়া ক্ষেত্রকে আরও শক্তিশালী করার পাশাপাশি খেলোয়াড়দের উচ্চ পর্যায়ে প্রতিযোগিতা করার জন্য উন্নত পরিকাঠামো, প্রশিক্ষণ ও সুযোগ প্রদান করতে অসম সরকার সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।এই সম্বর্ধনা অনুষ্ঠানটি অসম সরকারের ক্রীড়া বিভাগের উদ্যোগে এবং অসম অ্যামেচার বক্সিং সংস্থা (AABA) তথা অসম অলিম্পিক সংস্থার সহযোগিতায় আয়োজন করা হয়।অনুষ্ঠানে দিসপুর সমষ্টির বিধায়ক শ্রী প্রদ্যুৎ বরদলৈ, হাজো-শুয়ালকুছির বিধায়ক শ্রী প্রকাশ চন্দ্র দাস এবং ডিমরিয়ার বিধায়ক শ্রী তপন দাস উপস্থিত ছিলেন। এছাড়াও অসম অলিম্পিক সংস্থার সাধারণ সম্পাদক শ্রী লক্ষ্য কোঁওর, অসম অ্যামেচার বক্সিং সংস্থার সভাপতি শ্রী সিদ্ধার্থ ভট্টাচার্য, সাধারণ সম্পাদক শ্রী হেমন্ত কলিতা, ক্রীড়া বিভাগের সঞ্চালক শ্রী অঙ্কুর ভরালী, ভারতীয় ক্রীড়া কর্তৃপক্ষের (SAI) জ্যেষ্ঠ আধিকারিকগণ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।মন্ত্রী লাভলীনাকে তার ভবিষ্যতের খেলাগুলির জন্য শুভেচ্ছা জানান এবং অসমের নব প্রজন্মের খেলোয়াড়দের অনুপ্রাণিত করে দেশের জন্য আরও সাফল্য বয়ে আনবে বলে আশা প্রকাশ করেন।