ASSAM
অসমের শিল্পক্ষেত্রের পরিধি আরও বিস্তৃত, কান্দলায় বৃহৎ ই-মিথানল প্রকল্প
দিসপুর, ২৬ সেপ্টেম্বর: অসমের শিল্পক্ষেত্রের পরিধি রাজ্যের সীমানা পেরিয়ে আরও বিস্তৃত করার লক্ষ্যে গুজরাটের কান্দলায় একটি বৃহৎ ই-মিথানল উৎপাদন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা, গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল যৌথভাবে প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।অসম পেট্রো-কেমিক্যালস লিমিটেড (APCL) ও দীনদয়াল বন্দর কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে ২,৩০০ কোটি টাকা বিনিয়োগে প্রকল্পটি গড়ে উঠবে। দৈনিক ১৫০ টন ই-মিথানল উৎপাদন ক্ষমতাসম্পন্ন এই প্রকল্পে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ৩,৫০০-এরও বেশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।কান্দলা বন্দরে স্থাপিত প্রকল্পটির মূল লক্ষ্য জাহাজ চলাচলের ক্ষেত্রে সবুজ জ্বালানির ব্যবহার বাড়ানো, আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো এবং সামুদ্রিক পরিবহণ থেকে কার্বন নিঃসরণ হ্রাস করা।অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডঃ শর্মা বলেন, ২০৭০ সালের মধ্যে নিট-শূন্য কার্বন নিঃসরণ অর্জনের যে লক্ষ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রয়েছে সেই লক্ষ্যের সঙ্গে সঙ্গতি রেখে দেশে সবুজ জ্বালানি ও পরিচ্ছন্ন শক্তির ব্যবহার দ্রুত বাড়ছে।তিনি বলেন, কান্দলা প্রকল্পে উৎপাদিত মিথানল আন্তর্জাতিক গন্তব্যে চলাচলকারী জাহাজের সামুদ্রিক জ্বালানি হিসেবে ব্যবহারের পরিকল্পনা রয়েছে।অসমের জ্বালানি শিল্পের ঐতিহাসিক ভূমিকার কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, ১৮৬৭ সালে মাকুমে এশিয়ার প্রথম যান্ত্রিকভাবে খনন করা তেলকূপ স্থাপিত হয় এবং ১৯০১ সালে ডিগবয়ে দেশের প্রথম তেল শোধনাগার চালু হয়। বর্তমানে নামরূপে অসম পেট্রো-কেমিক্যালস লিমিটেডের দৈনিক ৫০০ টন পর্যন্ত মিথানল উৎপাদনের সক্ষমতা রয়েছে।ডঃ শর্মা বলেন, “উত্তর-পূর্বাঞ্চলের মানুষ যে প্রধানমন্ত্রীর জন্য দীর্ঘদিন অপেক্ষা করছিলেন, গুজরাট ভারতকে সেই প্রধানমন্ত্রী দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে আজ অসম ও উত্তর-পূর্বাঞ্চলের রূপান্তর দ্রুত গতিতে এগিয়ে চলেছে।”অনুষ্ঠানে গুজরাটের শ্রম, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বিভাগের প্রতিমন্ত্রী কান্তিলাল অম্রুতিয়া, উচ্চ ও কারিগরি শিক্ষা বিভাগের প্রতিমন্ত্রী ত্রিকম ছাঙ্গা, কচ্ছের সাংসদ বিনোদ চাভড়া, গান্ধীধামের বিধায়ক মালতীবেন কিশোর মহেশ্বরী, নাহরকাটিয়ার বিধায়ক তথা মুখ্যমন্ত্রীর রাজনৈতিক সচিব তরঙ্গ গগৈ, দীনদয়াল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান সুশীল কুমার সিং, অসম পেট্রো-কেমিক্যালস লিমিটেডের চেয়ারম্যান বিকুল ডেকা-সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।