ASSAM
কণাদ পুরকায়স্থের বিশেষ উল্লেখের জবাব কেন্দ্রের: অসমে বন্যা ও নদীভাঙন মোকাবিলায় সমন্বিত পদক্ষেপ জোরদারের আশ্বাস
শিলচর, ২৪ সেপ্টেম্বর: অসম ও উত্তর-পূর্বাঞ্চলে প্রতিবছর পুনরাবৃত্ত বন্যা ও নদীভাঙনের সমস্যা মোকাবিলায় রাজ্যসভার সাংসদ শ্রী কানাদ পুরকায়স্থের উদ্যোগের জবাব দিয়েছে কেন্দ্র। গত ১২ আগস্ট রাজ্যসভায় বিশেষ উল্লেখের মাধ্যমে তিনি অসম ও উত্তর-পূর্বাঞ্চলের জন্য একটি কার্যকর ও সমন্বিত বন্যা ব্যবস্থাপনা ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরেছিলেন।
কেন্দ্রীয় জল শক্তি প্রতিমন্ত্রী ডাঃ রাজ ভূষণ চৌধুরী ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে এক পত্রের মাধ্যমে সাংসদ পুরকায়স্থকে জানিয়েছেন যে, তাঁর উত্থাপিত বিষয়টি মন্ত্রকের সংশ্লিষ্ট দপ্তর পরীক্ষা করেছে। একইসঙ্গে অসম ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা ও নদীভাঙন মোকাবিলায় কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন পদক্ষেপের বিস্তারিত তথ্য জানানো হয়েছে।
কেন্দ্রের জবাব অনুযায়ী, মার্চ ২০২৬ পর্যন্ত উত্তর-পূর্বাঞ্চলের ২৬৩টি বন্যা ব্যবস্থাপনা প্রকল্পে মোট ₹২,৫৩৬.৯৬ কোটি কেন্দ্রীয় সহায়তা প্রদান করা হয়েছে। পাশাপাশি Brahmaputra Board-এর মাধ্যমে উত্তর-পূর্বাঞ্চলের জন্য ৫২টি Master Plan প্রস্তুত করা হয়েছে এবং Barak River Basin Management Plan প্রণয়নের কাজেও India-EU Water Partnership-এর সহযোগিতা নেওয়া হচ্ছে।
অসমে বন্যা নিয়ন্ত্রণ ও নদীভাঙন মোকাবিলায় গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথাও চিঠিতে উল্লেখ করা হয়েছে। ২০২১-২০২৬ সময়কালে ৭২২ কিলোমিটারেরও বেশি নতুন বাঁধ নির্মাণ, প্রায় ৮৬৩ কিলোমিটার বিদ্যমান বাঁধ শক্তিশালীকরণ, প্রায় ৪৫৬ কিলোমিটার নদীতীর সংরক্ষণ এবং ৪৯টি নতুন Sluice Gate স্থাপনের তথ্য তুলে ধরা হয়েছে।
এছাড়া বন্যার পূর্বাভাস ও আগাম সতর্কীকরণ ব্যবস্থাকে আরও আধুনিক করার উদ্যোগের কথাও জানিয়েছে কেন্দ্র। উত্তর-পূর্বাঞ্চলে Central Water Commission-এর ৫৩টি Forecasting Station, Guwahati ও Goalpara-র জন্য বন্যা পূর্বাভাস মডেল এবং ১৩টি স্টেশনে পরীক্ষামূলক AI/ML-ভিত্তিক পূর্বাভাস ব্যবস্থা চালুর বিষয়টি চিঠিতে উল্লেখ করা হয়েছে।
অসমের ৯টি জেলার ২৪টি জলাভূমি পুনরুদ্ধারের জন্য ₹৬৯২.০৫ কোটি টাকা বরাদ্দের কথাও জানানো হয়েছে। পাশাপাশি World Bank ও Asian Development Bank-এর সহায়তায় দীর্ঘমেয়াদি নদী অববাহিকাভিত্তিক বন্যা ও নদীতীর ভাঙন ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়নের তথ্য দেওয়া হয়েছে।
তবে কেন্দ্র জানিয়েছে, বর্তমানে Brahmaputra Board, CWC, NDMA এবং সংশ্লিষ্ট রাজ্য সংস্থাগুলির বিদ্যমান কাঠামো ও কার্যক্রম বিবেচনায় পৃথক “North East Integrated Flood Management Authority” গঠনের প্রয়োজনীয়তা এই পর্যায়ে মনে করা হচ্ছে না। পরিবর্তে বিদ্যমান সংস্থাগুলির মধ্যে সমন্বয় আরও শক্তিশালী করে বৈজ্ঞানিক, সমন্বিত ও জলবায়ু-সহনশীল বন্যা ও নদীভাঙন ব্যবস্থাপনা এগিয়ে নিয়ে যাওয়ার কথা জানানো হয়েছে।
সাংসদ কণাদ পুরকায়স্থের উত্থাপিত বিষয়ের পরিপ্রেক্ষিতে কেন্দ্রের এই বিস্তারিত জবাবকে অসমের বন্যা ও নদীভাঙন সমস্যাকে জাতীয় স্তরে আরও গুরুত্বের সঙ্গে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে Barak River Basin Management Plan-সহ বিভিন্ন চলমান উদ্যোগের উল্লেখ বরাক উপত্যকার দীর্ঘমেয়াদি বন্যা ব্যবস্থাপনার ক্ষেত্রেও তাৎপর্যপূর্ণ।